সারাবিশ্ব

প্রশ্নফাঁস ঠেকাতে ঠেকাতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র যাবে যুদ্ধবিমানে!


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

প্রশ্নফাঁস ঠেকাতে ঠেকাতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র যাবে যুদ্ধবিমানে!
ছবি: সংগৃহীত

ভারতের বহুল আলোচিত মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য এ পরীক্ষার প্রশ্নপত্র দেশের ১৮টি কেন্দ্রে পৌঁছে দিতে ব্যবহার করা হবে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান।

প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষাকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারে প্রায় পাঁচ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রশ্নপত্র পরিবহনে বিমানবাহিনী যুক্ত থাকায় পুরো প্রক্রিয়া আরও সুরক্ষিত হবে এবং কোনো ধরনের হস্তক্ষেপ বা কারচুপির সুযোগ কমে আসবে।

এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, পরীক্ষার বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পরীক্ষার প্রতিটি ধাপে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক কার্যক্রম শনাক্তে বিশেষ নজর রাখা হবে।

এছাড়া প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়াতেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষক ও বিষয়বিশেষজ্ঞদের একটি দলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশে রেখে প্রশ্নপত্র প্রস্তুত করা হচ্ছে। তাদের মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে, যাতে কোনোভাবেই প্রশ্ন বাইরে ফাঁস না হয়।

প্রতি বছর লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষাকে ঘিরে সাম্প্রতিক প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর যে আস্থার সংকট তৈরি হয়েছে, নতুন এই কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে তা পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।