সারাবিশ্ব
অতিরিক্ত মাত্রায় রাসায়নিক: ভারতীয় আমে নিষেধাজ্ঞা দিলো নেপালের সরকার
অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি ধরা পড়ায় ভারত থেকে আম আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল সরকার। এতে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আমের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দেশটি থেকে রপ্তানিকৃত আমের একাধিক চালানে আন্তর্জাতিকভাবে অনুমোদিত মাত্রার তুলনায় বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। পরীক্ষাগারে এই তথ্য নিশ্চিত হওয়ার পরই নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্রুত এই নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নেয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টগুলোতে নিয়মিত পরীক্ষার সময় ভারতীয় আমের বেশ কয়েকটি বড় চালানে অতিরিক্ত রাসায়নিক শনাক্ত করা হয়। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে দেশটির সব সীমান্ত ও স্থলবন্দর কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নেপাল সরকার জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এবং খাদ্যের মান নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা ব্যাপক হলেও স্থানীয় উৎপাদন দিয়ে তা পূরণ সম্ভব হয় না। ফলে দীর্ঘদিন ধরে দেশটির বাজার ভারতীয় আমের ওপর নির্ভরশীল ছিল। তবে নতুন এই নিষেধাজ্ঞার ফলে বাজারে সরবরাহ সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে গুণগত মান ও স্বাস্থ্যঝুঁকির কারণে জাপানও ভারতের আলফানসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লীসহ কয়েকটি জনপ্রিয় আমের জাত আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল। একের পর এক দেশে এমন নিষেধাজ্ঞা ভারতীয় আম রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।