সারাবিশ্ব

হিন্দু নারীকে বিয়ে করা আমির খানকে হত্যায় মিলবে ৫ কোটি, সঙ্গে আইনি খরচও


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

হিন্দু নারীকে বিয়ে করা আমির খানকে হত্যায় মিলবে ৫ কোটি, সঙ্গে আইনি খরচও
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খানকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণার ঘটনায় ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যার এক বিতর্কিত ধর্মীয় নেতা জগদগুরু পরমহংস আচার্য এই ঘোষণা দেন।

অযোধ্যার তপস্বী ছাবনির প্রধান পরমহংস আচার্য এক ভিডিও বার্তায় বলেন, যে ব্যক্তি আমির খানকে হত্যা করবে তার পরিবারকে ৫ কোটি রুপি দেওয়া হবে এবং হত্যাকারীর আইনি লড়াইয়ের সমস্ত খরচ তিনি বহন করবেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আমির খানের একাধিক বিয়ে তথাকথিত ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছে। তিনি অভিযোগ করে বলেন, অভিনেতা সনাতন ধর্মের নারীদের লক্ষ্য করে এই কাজ করছেন।

এই উসকানিমূলক বক্তব্যের পর দেশজুড়ে সাধারণ মানুষ, আইনজ্ঞ ও বিভিন্ন মহল এটিকে সহিংসতায় প্ররোচনা হিসেবে উল্লেখ করে ওই ধর্মীয় নেতার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘটনার পেছনে রাজনৈতিক বক্তব্যও ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। কয়েক দিন আগে মহারাষ্ট্রের বিতর্কিত মন্ত্রী নীতেশ রাণে আমির খানকে ‘লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বলে মন্তব্য করেন এবং তার সিনেমা বয়কটের আহ্বান জানান।

এরপর উগ্র ডানপন্থী সংগঠন বজরং দলের কর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করে, কুশপুত্তলিকা দাহ করে এবং অভিনেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক অভিযোগ তোলে। যদিও ভারতের আইনে প্রাপ্তবয়স্কদের পারস্পরিক সম্মতিতে বিশেষ বিবাহ আইনের মাধ্যমে এই বিয়ে বৈধভাবে সম্পন্ন হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে সাদামাটাভাবে গৌরী স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির খান। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। অতীতে এসব অভিযোগ তিনি প্রত্যাখ্যান করে জানান, তার কোনো স্ত্রীই বিয়ের পর ধর্ম পরিবর্তন করেননি।

তবে এই প্রাণনাশের হুমকি নিয়ে এখনো আমির খান বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি নিয়ে ভারতজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।