সারাবিশ্ব
দিল্লির বিক্ষোভে শিক্ষার্থীদের ‘রাজনৈতিক হাতিয়ার’ বানাচ্ছে বিরোধীরা: রাজনাথ সিং
ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থী ও তরুণদের ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বুধবার (২২ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দিল্লির পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কিছু গোষ্ঠী নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে তরুণ সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা দুঃখজনক।
তিনি আরও বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থী ও তরুণদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রত্যাশা পূরণ এবং উদ্বেগগুলোর যথাযথ সমাধানে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
রাজনাথ সিংয়ের মতে, দেশের সচেতন তরুণ সমাজ এসব বিভ্রান্তিকর প্রচেষ্টা বুঝতে সক্ষম এবং তারা উন্নয়ন ও অগ্রগতির পথই বেছে নেবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, শিক্ষার্থীসহ কারও প্রতি কোনো ধরনের অবিচার হতে দেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কিছু নেতা দেশে কৃত্রিম ক্ষোভের পরিবেশ তৈরির চেষ্টা করছেন, যা বিশেষ করে তরুণদের বিভ্রান্ত করার একটি ব্যর্থ প্রয়াস। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তরুণদের অনুভূতি ও উদ্বেগের বিষয়ে তারা সম্পূর্ণ সংবেদনশীল।
বর্তমানে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন চলমান রয়েছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, গণতন্ত্রে জনস্বার্থের বিষয় আলোচনার সঠিক স্থান সংসদ। বিরোধীরা চাইলে সেখানে বিষয়গুলো উত্থাপন করতে পারে, কিন্তু তারা রাজপথকে বেছে নিচ্ছে।
এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগে আন্দোলন শুরু হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানর পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।
পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকর টানা ২৫ দিনের অনশন এবং শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি অভিযানের প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আন্দোলনকারীদের সংসদ ভবনের দিকে অগ্রযাত্রা ঠেকাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।