সারাবিশ্ব
নির্বাচনে জিতলে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চাই: নওয়াজ শরিফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ দলের প্রধান নওয়াজ শরিফ বলেছেন, আসন্ন নির্বাচনে তার দল জয়ী হলে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর কাছে অনুরোধ জানাবেন, তাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য।
মঙ্গলবার (২১ জুলাই) মুজাফফরাবাদে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি হাস্যরসের ছলে এ মন্তব্য করেন। আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।
সমাবেশে নওয়াজ শরিফ বলেন, আজাদ কাশ্মীর তার কাছে দ্বিতীয় বাড়ির মতো। তিনি প্রতিশ্রুতি দেন, দল জয়ী হলে প্রতি তিন মাস অন্তর সেখানে গিয়ে নিজেই উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি, সরকার গঠন করতে পারলে আজাদ কাশ্মীরের বাজেট দশগুণ বাড়ানোর ঘোষণাও দেন তিনি।
এ সময় তিনি আরও জানান, মুজাফফরাবাদের মানুষের যাতায়াত ও চিকিৎসা সুবিধা বাড়াতে দ্রুতই ১০টি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস এবং ১৫টি ভ্রাম্যমাণ হাসপাতাল দেওয়া হবে।
একই অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মরিয়ম নওয়াজ বলেন, তিনি কেবল অতিথি হিসেবে আসেননি, বরং জন্মসূত্রেই নিজেকে কাশ্মীরি মনে করেন। বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ক্ষমতায় এলে আজাদ কাশ্মীরের মানুষের জীবনমান বদলে যাবে।
তরুণদের উন্নয়নে ২ হাজার শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি সহজ শর্তে বাড়ি নির্মাণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে নতুন প্রকল্প চালুর কথাও উল্লেখ করেন।
সূত্র: জিও নিউজ।