সারাবিশ্ব

শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: দিল্লির দাবি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: দিল্লির দাবি
ছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

মঙ্গলবার (৪ আগস্ট) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিতর্কিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানটি আয়োজন করেছে একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা। এটি সরকারের কোনো উদ্যোগ নয়।

তিনি আরও বলেন, বেসরকারি কোনো ফোরামে কোনো ব্যক্তির মতামত প্রকাশকে ভারত সরকার সরাসরি সমর্থন করে না। পুরো ঘটনাটিকে একটি স্বাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্যোগ হিসেবেই দেখছে নয়াদিল্লি।

এদিকে একই দিনে দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, উচ্চ আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, আদালতের আদেশ অমান্য করা দণ্ডনীয় অপরাধ। কোনো গণমাধ্যম যদি আগে থেকেই বক্তব্য প্রচারের ঘোষণা দিয়ে পরে তা প্রচার করে, তবে আদালতের রায় বাস্তবায়নে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকলেও আদালতের নির্দেশনা বহাল থাকা পর্যন্ত তা মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক। কেউ আপত্তি থাকলে আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা চ্যালেঞ্জ করতে পারবেন, তবে বিদ্যমান নির্দেশনা অমান্য করার সুযোগ নেই।