সারাবিশ্ব
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী
বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অস্ত্রোপচারের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন ওই হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই বছর আগে হাতে আঘাত পাওয়ার পর তার ডান হাতে একটি প্লেট বসানো হয়েছিল। সাম্প্রতিক অস্ত্রোপচারের মাধ্যমে সেই প্লেটটি অপসারণ করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
এদিকে শুক্রবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। চিনার পার্কের বাসা থেকে সরাসরি বাইপাস সংলগ্ন হাসপাতালে গিয়ে তিনি মিঠুনের সঙ্গে কিছু সময় কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।
হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মিঠুন চক্রবর্তী বাংলার সম্পদ এবং তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান, মিঠুনের ছোট একটি অস্ত্রোপচার হয়েছে এবং তিনি বর্তমানে ভালো আছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের ছবিও প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, এর আগে নির্বাচন-পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী।