সারাবিশ্ব
ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় বিএসএফের গুলিতে আসাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনার বিস্তারিত জানতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রোববার রাত ১২টা ১০ মিনিটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানিয়েছে, বিভিন্ন দেশি ও বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির চান্দেরহাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে রায়গঞ্জ মহকুমা এলাকায় একটি বাংলাদেশি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ সময় গুলিতে আসাদুল হক গুরুতর আহত হন। পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আসাদুল হকের বয়স ৩৮ বছর। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা এবং আব্দুল ওয়াজেদের ছেলে।
বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, আসাদুল হকের বিরুদ্ধে মাদক ও মানবপাচারসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তথ্য কিংবা মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
ঘটনার পর বিষয়টি নিয়ে ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয় দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।