সারাবিশ্ব

বিদ্যুৎ নেই, টর্চ ও মোবাইলের আলোয় দুই অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

বিদ্যুৎ নেই, টর্চ ও মোবাইলের আলোয় দুই অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত

ভারতের বিহারের একটি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে টর্চ ও মোবাইল ফোনের আলোয় দুই অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার চালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ৪৫ মিনিট বিদ্যুৎহীন অবস্থায় চিকিৎসকদের অস্ত্রোপচার চালিয়ে যেতে হয়। এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার বিহারের জামুই সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। পূজা কুমারী ও অঞ্জনি কুমারী নামের দুই অন্তঃসত্ত্বা নারীকে প্রসূতি বিভাগ থেকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচার চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে তাৎক্ষণিকভাবে জেনারেটর চালু না হওয়ায় চিকিৎসকেরা টর্চ ও মোবাইল ফোনের আলো ব্যবহার করে অস্ত্রোপচার চালিয়ে যান।

অস্ত্রোপচারে থাকা চিকিৎসক ডা. শালিনী কুমারী, ডা. রঘুনন্দন এবং অস্ত্রোপচার কক্ষের সহকারী অমিত কুমার বিষয়টি হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মোবাইল ফোনের আলোয় অস্ত্রোপচার চালানোর দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে। ভিডিওতে এক নার্সকে অস্ত্রোপচারের স্থানে মোবাইল ফোনের আলো ধরে রাখতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার কক্ষে বিদ্যুৎ না থাকার কথাও ভিডিওতে বলতে শোনা যায়।

হাসপাতালের একটি অভ্যন্তরীণ বার্তা আদানপ্রদানকারী দলেও চিকিৎসকেরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এর আগেও একই ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে এবং অতীতে মোবাইল ফোনের আলোয় অস্ত্রোপচার করতে হয়েছে। তবে হাসপাতালের ব্যবস্থাপক রমেশ পাণ্ডে এ অভিযোগ অস্বীকার করেছেন।

জামুই সদর হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক ডা. থানেশ কুমার জানিয়েছেন, প্রশাসন ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে এবং বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।

ঘটনার পর হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ ও বিকল্প ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল সূত্রের দাবি, বিদ্যুৎ বিভ্রাট এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহে সমস্যার ঘটনা সেখানে আগেও ঘটেছে।