সারাবিশ্ব

অনিয়ম নিয়ে প্রশ্ন, মেজাজ হারিয়ে যুবককে চড় মারলেন মন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

অনিয়ম নিয়ে প্রশ্ন, মেজাজ হারিয়ে যুবককে চড় মারলেন মন্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে রাস্তা পরিদর্শনের সময় ভিডিও করায় এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে গণপূর্তমন্ত্রী প্রবেশ ভার্মার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার প্রকাশিত এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম দিল্লির তিলক নগরে রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন দিল্লির গণপূর্তমন্ত্রী প্রবেশ ভার্মা। এ সময় এক যুবক স্মার্টফোনে পরিদর্শনের ভিডিও করছিলেন। একপর্যায়ে মন্ত্রী ওই যুবকের হাত থেকে ফোন টেনে নেন এবং তার মুখে চড় মারেন বলে ভিডিওতে দেখা যায়।

চড় খাওয়ার পর ওই যুবক মন্ত্রীর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তারক্ষীসহ কয়েকজন সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ভিড়ের মধ্যে থাকা কয়েকজনকে এ ঘটনার প্রতিবাদ করতেও শোনা যায়।

এর আগে রাস্তার নির্মাণকাজের মান নিয়ে মন্ত্রী প্রবেশ ভার্মার সঙ্গে দিল্লির আম আদমি পার্টির বিধায়ক জার্নেইল সিংয়ের কথা কাটাকাটি হয়। বিধায়ক রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ভাঙা রাস্তার অংশ মন্ত্রীকে দেখান। জবাবে মন্ত্রী দাবি করেন, আগের সরকার ১৫ বছরে রাস্তা নির্মাণ করেনি, এখন তারা কাজ করছে।

বিধায়ক পাল্টা বলেন, এভাবে রাস্তা নির্মাণ করলে তা ১৫ ঘণ্টাও টিকবে না। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

পরে বিধায়ক ও তার সহযোগীরা মন্ত্রীর পিছু নেওয়ার সময় ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ রয়েছে, তখনই ভিডিও ধারণকারী এক যুবকের ওপর মেজাজ হারিয়ে চড় মারেন মন্ত্রী প্রবেশ ভার্মা। বিধায়ক জার্নেইল সিং পরে নিজের এক্স অ্যাকাউন্টে ওই ঘটনার ভিডিও প্রকাশ করেন।

জার্নেইল সিং অভিযোগ করেন, রাস্তা নির্মাণ নিয়ে একের পর এক অনিয়মের তথ্য সামনে আসায় মন্ত্রী মেজাজ হারিয়ে ভিডিও ধারণকারী তার সহকর্মীর সঙ্গে খারাপ আচরণ করেছেন।

এদিকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভিডিওটি শেয়ার করে প্রবেশ ভার্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অন্যদিকে ভুক্তভোগী যুবক ও বিধায়কের সহকারী জানিয়েছেন, তারা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে দিল্লির রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি