সারাবিশ্ব
উপদেষ্টা আসিফ মাহমুদ ও খিলক্ষেতের মণ্ডপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন
বাংলাদেশ সংক্রান্ত দুইটি স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করা হলেও সরাসরি কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার লাগেজে গোলাবারুদের ম্যাগাজিন পাওয়া এবং ঢাকার খিলক্ষেতে হিন্দু ধর্মাবলম্বীদের একটি অননুমোদিত মণ্ডপ উচ্ছেদের বিষয়ে প্রশ্ন তোলা হয়।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তামি ব্রুস এই বিষয়ে নীরব থাকেন।
ব্রিফিংয়ে এক বিদেশি সাংবাদিক প্রশ্ন করেন, “সম্প্রতি কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার অধিকার নিয়ে যে মন্তব্য করেছেন, তা কীভাবে দেখছে যুক্তরাষ্ট্র? বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত, সঙ্গে আসিফ মাহমুদের লাগেজে গোলাবারুদের ম্যাগাজিন পাওয়া এবং খিলক্ষেতে হিন্দু মণ্ডপ ভাঙার মতো ঘটনা যুক্তরাষ্ট্র কীভাবে মূল্যায়ন করে?”
তবে এসব স্পষ্ট প্রশ্নের উত্তরে মুখপাত্র তামি ব্রুস বলেন, “আমি জানি, ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু জটিল ইস্যু রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনাকে স্টেটডটগভ ওয়েবসাইটে গিয়ে যৌথ বিবৃতি ও কোয়াড বৈঠকের তথ্য দেখতে বলবো।”
তিনি বলেন, “আমি কাউকে, বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রীদের বক্তব্য নিয়ে আলাদাভাবে ব্যাখ্যা দিতে চাই না। এটি কূটনৈতিক প্রসঙ্গ এবং এসব বিষয়ে আমরা যৌথ বিবৃতি দিয়েছি।”