সারাবিশ্ব

ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:২৫ এএম

ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশে। প্যারিসভিত্তিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (৩০ জুলাই) হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিলের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। যদিও ঘোষণায় শুল্ক কার্যকরের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, তবে এর আগে ট্রাম্প বলেছিলেন, আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হতে পারে।

হোয়াইট হাউসের ঘোষণায় আরও বলা হয়, ব্রাজিলে বর্তমানে যে রাজনৈতিক নিপীড়ন চলছে—বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ও তার হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে বিচারিক হয়রানি, সেন্সরশিপ, ভয়ভীতি প্রদর্শন ও দমন-পীড়নের মতো কর্মকাণ্ড—তা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এসব ঘটনা দেশটির আইনের শাসনকে দুর্বল করে তুলেছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

এএফপির বরাতে জানা গেছে, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বর্তমানে এই সম্পর্কের আওতায় যুক্তরাষ্ট্রের পক্ষে ২৮ কোটি ৪০ লাখ ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের নেওয়া নতুন এই সিদ্ধান্ত ব্রাজিল-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই শুল্ক আরোপ কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। ব্রাজিলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।