সারাবিশ্ব
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করল যুক্তরাষ্ট্র
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন, যারা রোহিঙ্গাসহ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে।
রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় এক প্রেস বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমি পিগট বলেন, “যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিক উদাহরণ সৃষ্টি করেছে, আমরা তার প্রশংসা করি।”
২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযানের পর মাত্র কয়েক মাসের মধ্যেই সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছিল বাংলাদেশে। বর্তমানে নতুন আগতদেরসহ প্রায় ১৩ লাখ রোহিঙ্গা কক্সবাজার ও ভাসানচরের শরণার্থী ক্যাম্পগুলোতে বসবাস করছে।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, প্রতিবছর প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে, যা মানবিক সংকটকে আরও জটিল করে তুলছে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের অভাব এ সংকটকে গভীর করছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই প্রশংসা বাংলাদেশ সরকারের মানবিক অবস্থানকে আন্তর্জাতিকভাবে আরও জোরালোভাবে তুলে ধরলেও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।