সারাবিশ্ব
পারমাণবিক চুক্তির সময় দ্রুত ফুরিয়ে আসছে, ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।
ট্রাম্প বলেন, “একটি বিশাল আর্মাডা ইরানের দিকে দ্রুতগতিতে, বিপুল শক্তি, উদ্দীপনা ও সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।” তার এই বক্তব্যে একটি বড় মার্কিন নৌবহরের দিকে ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তিনি বলেন, “আমাদের বাহিনী আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত আছে এবং স্থল বা সমুদ্রপথে যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সক্ষম।”
ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার তুললেও ইরান তা জোরালোভাবে অস্বীকার করে আসছে।
ট্রাম্পের এই সর্বশেষ হুঁশিয়ারি আসে এমন এক সময়, যখন তিনি চলতি মাসের শুরুতে ইরানে নজিরবিহীন ও কঠোরভাবে দমন করা বিক্ষোভের প্রসঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন।
ইরানে সাম্প্রতিক বিক্ষোভ শুরু হয় জাতীয় মুদ্রার আকস্মিক অবমূল্যায়নের পর। তবে অল্প সময়ের মধ্যেই তা দেশটির ধর্মীয় নেতৃত্বের বৈধতা নিয়ে এক গভীর রাজনৈতিক সংকটে রূপ নেয়।
“সহায়তা আসছে,”- এমন মন্তব্য করলেও পরে ট্রাম্প সুর পরিবর্তন করে বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত বন্ধ রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিকে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে অন্তত ৬ হাজার ৩০১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ হাজার ৯২৫ জনই বিক্ষোভকারী বলে সংস্থাটি দাবি করেছে।