সারাবিশ্ব
ইরান পুরোপুরি বিপর্যস্ত, আত্মসমর্পণের কেউ থাকবে না : ট্রাম্প
ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আবারও কড়া অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের শিথিল সমঝোতায় যেতে আগ্রহী নয় এবং ভবিষ্যতে এমন নেতৃত্ব ইরানে দেখতে চায়, যারা দেশটিকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দেবে না।
ইরানের সম্ভাব্য পরবর্তী নেতা নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রতি পাঁচ বা দশ বছর অন্তর একই ধরনের সংঘাতে জড়াতে চায় না। তার মতে, ইরানে এমন একজন প্রেসিডেন্ট বা নেতা প্রয়োজন, যিনি নিজের দেশকে যুদ্ধের পথে পরিচালিত করবেন না এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবেন।
ট্রাম্প দাবি করেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে তড়িঘড়ি করে কোনো সমঝোতায় পৌঁছানোর পক্ষেও নন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সামরিক দিক থেকে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের শুরুতে ইরান যে মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছিল, বর্তমানে তা কমে মাত্র প্রায় ৯ শতাংশে নেমে এসেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরানের প্রায় ৭০ শতাংশ রকেট লঞ্চার ধ্বংস করে দিয়েছে এবং দেশটির অস্ত্রভাণ্ডারও দ্রুত ফুরিয়ে আসছে।
ইরানের বর্তমান অবস্থা তুলে ধরে ট্রাম্প আরও বলেন, “তারা এখন সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এমন সময় আসতে পারে যখন ‘আমরা আত্মসমর্পণ করছি’—এ কথা বলার মতো লোকও আর অবশিষ্ট থাকবে না।”
এদিকে যুদ্ধক্ষেত্রে কুর্দি যোদ্ধাদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও নিজের আপত্তির কথা জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় না কুর্দি বাহিনী এই সংঘাতে জড়িয়ে পড়ুক, কারণ এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
অন্যদিকে ইরানের একটি লবণাক্ততা দূরীকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে মার্কিন হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি দাবি করেন, এমন কোনো হামলার বিষয়ে তিনি অবগত নন।