সারাবিশ্ব
হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আগ্রহী ইরান: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, তেহরান নতুন করে সংঘাতে জড়াতে চায় না, বরং কূটনৈতিক সমাধানের দিকেই এগোচ্ছে।
শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজকে ট্রাম্প বলেন, ইরান আর কোনো হামলার পথে যেতে আগ্রহী নয়। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করছে। এখন আলোচনার ফলাফল কী দাঁড়ায়, সেটিই দেখার বিষয়।
এর আগে ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করে। পরবর্তীতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও নিরাপত্তা নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধ তৈরি হয়। এতে আলোচনা একপর্যায়ে স্থবির হয়ে পড়ে।
পরে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালায়।
তবে সর্বশেষ ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তার আশা, খুব শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হতে পারে।