সারাবিশ্ব
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটির স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে দুই প্রধান ইসলামি উৎসবকে অঙ্গরাজ্যব্যাপী সরকারি ছুটির তালিকায় যুক্ত করল ক্যালিফোর্নিয়া।
রোববার ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’ আইনে পরিণত হওয়ার মাধ্যমে ঈদুল ফিতর ও ঈদুল আজহা অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, শহর ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে ঈদকে স্বীকৃতি দিয়ে আসছিল। তবে অঙ্গরাজ্যজুড়ে সরকারি ছুটি হিসেবে দুই ঈদের স্বীকৃতি ছিল না। ২০২৫ সালে ওয়াশিংটন প্রথম অঙ্গরাজ্য হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিক সরকারি ছুটির স্বীকৃতি দেয়।
এক মাস রোজা পালনের পর মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করেন। অন্যদিকে হজরত ইবরাহিমের আত্মত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের স্মরণে পালিত হয় ঈদুল আজহা। পবিত্র হজের সঙ্গেও ঈদুল আজহার সরাসরি সম্পর্ক রয়েছে। সৌদি আরবের মক্কায় প্রতিবছর অনুষ্ঠিত হজের শেষ পর্যায়ে এই উৎসব পালিত হয়।
ক্যালিফোর্নিয়ার আমেরিকান ইসলামিক সম্পর্কবিষয়ক পরিষদ নতুন আইনকে স্বাগত জানিয়েছে। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম বিলটিতে স্বাক্ষর করায় সংগঠনটি সন্তোষ প্রকাশ করেছে।
সংগঠনটির দাবি, ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ১০ লাখের বেশি মুসলিমের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানে আইনটি ভূমিকা রাখবে। এত দিন ঈদ পালনের জন্য অনেক মুসলিম শিক্ষার্থী ও কর্মীকে ধর্মীয় আয়োজন এবং শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলে উপস্থিত থাকার মধ্যে যেকোনো একটি বেছে নিতে হতো।
সংগঠনটি জানিয়েছে, নতুন আইন ধর্মীয় উৎসবে অংশ নেওয়া এবং শিক্ষাগত ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে মুসলিমদের ওপর থাকা প্রাতিষ্ঠানিক বাধা কমাবে। একই সঙ্গে অঙ্গরাজ্যে অন্তর্ভুক্তি, সমতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রতিষ্ঠায় এটি ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম সংগঠন হিসেবে পরিচিত পরিষদটি আরও জানিয়েছে, দেশটিতে ইসলামবিদ্বেষ বৃদ্ধির সময়েই নতুন আইনটি পাস হয়েছে। সংগঠনটির নথি অনুযায়ী, গত বছরের একই তিন মাসের তুলনায় চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত মসজিদ ও ইসলামি কেন্দ্রকে লক্ষ্য করে সংঘটিত ঘটনার সংখ্যা ১৮৩ শতাংশ বেড়েছে।
সংগঠনটির মতে, ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মুসলিম জনগোষ্ঠীর প্রতি সম্মান ও স্বীকৃতির বার্তা দিয়েছে।
সূত্র: দ্য নিউ আরব