আইন আদালত
শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানের দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান আদালতে চার্জশিট দাখিল করেন, যেখানে মোট ১৮ জনকে অভিযুক্ত করা হয়। বিচারিক প্রক্রিয়ায় এ মামলায় আদালতে ২৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।
এই মামলায় শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছাড়াও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীরা আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে, গত বছরের ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।