আইন আদালত
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ
চব্বিশের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলার নৃশংস ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে।
সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামির বিরুদ্ধে এ রায় দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি তৃতীয় রায়।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি মামলাটির রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৬ আসামির ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে।
মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। ওই দিন প্রসিকিউশনের পক্ষে যুক্তিখণ্ডন উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আসামিপক্ষে যুক্তি তুলে ধরেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। এর আগে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।
এ মামলার ১৬ আসামির মধ্যে আটজন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।
গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সে সময় উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। মামলাটিতে তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এরও আগে, একই বছরের ২ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগের সঙ্গে তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা নথি, ৬২ জন সাক্ষীর তালিকা, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে করে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযোগ রয়েছে, এ নৃশংস ঘটনার সময় একজন এখনো জীবিত ছিলেন, তাকেও পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। এ ছাড়া, ঘটনার আগের দিন একই এলাকায় আরও একজন নিহত হন।
এই ঘটনার পর গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আজকের রায়ের দিকে তাকিয়ে আছে দেশবাসী।