আইন আদালত

শাপলা চত্বর ঘটনায় তদন্তে ৬১ জন নিহতের তথ্য, ২১ জুলাই চার্জ দাখিলের প্রস্তুতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

শাপলা চত্বর ঘটনায় তদন্তে ৬১ জন নিহতের তথ্য, ২১ জুলাই চার্জ দাখিলের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, নিহতদের একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে ৬১ জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে। তবে এখনো তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চিফ প্রসিকিউটর বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার ফরমাল চার্জ দাখিল করা হতে পারে। তিনি আরও জানান, কোনো আসামি যাতে বাদ না পড়ে এবং নির্দোষ কেউ যেন আসামির তালিকায় অন্তর্ভুক্ত না হয়—সেই বিষয়টি নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

হেফাজতের নেতাদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের খসড়া নিয়ে আলোচনা হয়েছে এবং সবার মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শুরু থেকেই নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে সন্দেহ রয়েছে। তার দাবি, তৎকালীন সময়ে নিহতদের লাশ গুমের অপচেষ্টা হয়েছে, ফলে অনেক তথ্য এখনও অজানা রয়ে গেছে। তিনি বলেন, তাদের কাছে সংরক্ষিত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী ৬১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মুফতি হারুন ইজহারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকালে শাপলা চত্বরের ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসে। এতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীর। পাশাপাশি তৎকালীন পুলিশ, র‌্যাব প্রধান এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।