জাতীয়
গোপালগঞ্জের ঘটনার আগাম তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনার বিষয়ে আগাম কোনো তথ্য গোয়েন্দা সংস্থার কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “গোপালগঞ্জে যে এত বড় ঘটনা ঘটতে পারে, তার কোনো পূর্বাভাস গোয়েন্দাদের কাছে ছিল না।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদেরকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।”
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ও ভূমিকা নিয়ে যেকোনো রাজনৈতিক দল প্রশ্ন তুলতে পারে। এ বিষয়ে সরকারের কিছু বলার নেই। তবে সরকার জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে।”
এদিকে, গোপালগঞ্জের ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তোলা হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা এসব প্রশ্নকে স্বাভাবিক উল্লেখ করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, “যেকোনো সহিংস ঘটনায় তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউই দায় এড়িয়ে যেতে পারবে না।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘটনাটির কারণ ও পেছনের নেপথ্য ভূমিকা খতিয়ে দেখতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।