জাতীয়
গোপালগঞ্জে গণগ্রেফতার নয়, অপরাধীদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে কোনো ধরনের গণগ্রেফতার চলছে না, শুধু অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে একটি বিশেষ সভাও।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জে যারা দোষী নয়, তাদের কাউকে গ্রেফতার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী কেবল অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদেরই আইনের আওতায় আনছে।”
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেটা আমরা অস্বীকার করছি না। রাজনীতিতে নানা ধরনের ঘটনা ঘটে থাকে। তবে ঘটনার পর সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তদন্ত কমিটি গঠন করেছি, প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
সেনাবাহিনীর গুলি ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে সময় যে পরিস্থিতি তৈরি হয়, সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হয়। সেখানে সেটাই হয়েছে।”
জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন পরিচালনায় সক্ষম। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। প্রশিক্ষণ চলছে। সময়মতো নির্বাচনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ।'
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি আরও জানান, “গোপালগঞ্জে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারফিউ তুলে নেওয়া হয়েছে, যদিও ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময়মতো সেটাও তুলে নেওয়া হবে।”
আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হরতাল পালিত হয়েছে কিনা, তা আপনারাই ভালো বলতে পারবেন।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। পুলিশ এখন আগের চেয়ে বেশি সক্রিয়। যেখানে অপরাধ হচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুষ্কৃতিকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না।”