জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত যা যা জানা গেল...


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত যা যা জানা গেল...
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবনে বিধ্বস্ত হওয়ার হৃদয়বিদারক ঘটনা নাড়া দিয়েছে সকলের হৃদয়কে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) দুপুরে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত যা যা জানা গেছে-

* উড্ডয়ন ও বিধ্বস্তের সময়কাল
আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিমানটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর চীনা তৈরি এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। মাত্র ১২ মিনিটের মাথায়, ১টা ১৮ মিনিটে সেটি মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়।

plan crash update1_Dhakaprokash.jpg

* দুর্ঘটনার স্থান ও ক্ষয়ক্ষতি
বিমানটি আঘাত হানে স্কুলের 'প্রজেক্ট-২' নামক দোতলা ভবনে। ওই ভবনে মোট ১৬টি শ্রেণিকক্ষ এবং ৪টি শিক্ষকদের কক্ষ ছিল। মূলত প্রাথমিক পর্যায়ের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের ক্লাস চলছিল সেখানে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষের সামনে বিমানটি পড়ে। ছুটির পর এই ভবনেই কোচিং করত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা।

plan crash update2_Dhakaprokash.jpg

* প্রাণহানি ও আহতের সংখ্যা
বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান, ঘটনায় ১৯ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরে আইএসপিআর জানায়, আহতের সংখ্যা ১৬৪ জনে পৌঁছেছে এবং নিহতদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও।

* চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম
দগ্ধ শিক্ষার্থীদের অনেকেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত প্রায় ৭০ জন সেখানে চিকিৎসাধীন। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

plan crash update3_Dhakaprokash.jpg

* ভবনের সামনে অভিভাবকদের আহাজারি
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে ছুটে আসেন অভিভাবকরা। কেউ সন্তানকে খুঁজে পেয়েছেন, কেউ এখনও খুঁজছেন। অনেকেই হতবিহ্বল অবস্থায় ছুটে বেড়াচ্ছেন হাসপাতাল থেকে হাসপাতাল।

* জরুরি হটলাইন চালু
আহত ও নিখোঁজদের খোঁজে চালু করা হয়েছে জরুরি যোগাযোগ নম্বর: মিলিটারি রেস্কিউ ব্রিগেড: 01769024202, সিএমএইচ বার্ন ইউনিট: 01769016019, সিএমএইচ ইমার্জেন্সি: 01769013311, মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার: 01814774132, ভাইস প্রিন্সিপাল: 01771111766, জাতীয় জরুরি সেবা: ৯৯৯

plan crash update4_Dhakaprokash.jpg

* পরিবহন সহায়তা ও রক্তের প্রয়োজন
আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে একটি মেট্রোরেল বগি ‘রিজার্ভ’ রাখা হয়। স্কুল কর্তৃপক্ষ রক্তদানের আহ্বান জানিয়েছে।

* রাষ্ট্রীয় শোক ঘোষণা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিহতদের প্রতি শোক জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

* রাজনৈতিক প্রতিক্রিয়া ও শোকবার্তা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এনসিপি’র আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।