জাতীয়

মা-বাবাদের কী জবাব দেবো? আমরা নিজেরাই ভেঙে পড়েছি: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:০৪ পিএম

মা-বাবাদের কী জবাব দেবো? আমরা নিজেরাই ভেঙে পড়েছি: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জাতীয়ভাবে এই শোকাবহ পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “আমার বলার ভাষা নেই। কীভাবে শুরু করবো বুঝতে পারছি না। এই দুর্ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। একটি প্রশিক্ষণ বিমান ছোট ছোট শিক্ষার্থীদের ওপর পড়ে আগুনে পুড়ে তাদের প্রাণ কেড়ে নিল—এ দৃশ্য কেউ কল্পনাও করেনি।”

তিনি কাতর কণ্ঠে প্রশ্ন ছুড়ে বলেন, “মা-বাবাদের আমরা কী বলবো? কী জবাব দেবো? আমরা নিজেরাই তো কিছুই বুঝে উঠতে পারছি না। যারা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছিল, তারা এখন সন্তান হারিয়ে হাসপাতালের মর্গে খুঁজছেন পরিচয়হীন দেহ। কেউ জানে না সেই দেহের ভেতর নিজের সন্তান আছে কি না।”

প্রধান উপদেষ্টা বলেন, “সারা দেশ আজ একসাথে কাঁদছে। আমাদের সন্তানরা, আপনাদের সন্তানরা চিরদিনের মতো হারিয়ে গেল। আমরা তদন্ত করবো ঠিকই, কিন্তু সেই তদন্ত এই সন্তানদের আর ফিরিয়ে আনবে না।"

তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে এবং সবাই সহযোগিতায় এগিয়ে এসেছে। তবে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আহতদের দেহ দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা কম। অতিরিক্ত ভিড় হলে তাদের অবস্থা আরও খারাপ হতে পারে। দয়া করে দূরে থেকে দোয়া করুন।”

ড. ইউনূস বলেন, “আমরা এই শোকের সময় পরিবারের পাশে আছি, জাতি হিসেবে সবাই একসঙ্গে কাঁদছি। এই সন্তানরা শুধু একজনের নয়, তারা ছিল আমাদের সবার।"

প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, মঙ্গলবার (২২ জুলাই) জাতীয়ভাবে শোক দিবস পালন করা হবে। তিনি বলেন, “এই দিন আমরা হারিয়ে যাওয়া সব শিশুদের স্মরণ করবো, তাদের আত্মার মাগফিরাত কামনা করবো। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন এবং এই শোকগ্রস্ত জাতিকে ধৈর্য ও শান্তি দিন।”

প্রসঙ্গত, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাত ৮টার দিকে জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৭১ জন। নিহতদের মধ্যে শিক্ষার্থী, স্কুলের কর্মী এবং বিমানবাহিনীর সদস্য রয়েছেন বলে জানা গেছে।