জাতীয়
বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে এখনো সংকটাপন্ন ৫ জন
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে থাকা পাঁচজনের অবস্থা এখনো সংকটাপন্ন। এ ছাড়া শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার (২৬ জুলাই) বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, “মাইলস্টোনের ঘটনায় আজ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বর্তমানে ৪০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা সবচেয়ে গুরুতর, তাদের আইসিইউতে রাখা হয়েছে। সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন, ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অপারেশন-পরবর্তী পর্যায়ে আছেন আরও ১০ জন এবং বাকি ১৫ জন রয়েছেন ক্যাবিনে।”
ডা. নাসির উদ্দিন জানান, “লাইফ সাপোর্টে থাকা রোগীদের মধ্যে দুজন কিছুটা উন্নতির দিকে। যারা নিজেরা শ্বাস নিতে পারছে। আশা করছি, শনিবার ৪ থেকে ৫ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসকরা আমাদের সঙ্গে মিটিং করেছেন এবং দগ্ধ রোগীদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন।”