জাতীয়
হাসিনার অডিও বার্তায় এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব স্পষ্ট: আসিফ নজরুল
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তায় এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব স্পষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই হত্যাযজ্ঞের বিচার দাবিতে আয়োজিত এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “এত বড় গণহত্যা সংঘটিত হলো, অথচ শেখ হাসিনার কণ্ঠে বিন্দুমাত্র অনুশোচনার ছাপ নেই। বরং তার অডিওগুলো শুনলে এখনো মনে হয়, তিনি প্রতিশোধপরায়ণ মনোভাব ধরে রেখেছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে এত বড় নৃশংসতার দায়বোধ তার মধ্যে দেখা যায় না।”
তিনি আরও বলেন, “যুদ্ধক্ষেত্রেও কেউ আহত হলে তাকে চিকিৎসা না দিলে তা অপরাধ হিসেবে বিবেচিত হয়। অথচ এই দেশে দিনের আলোয়, জনসম্মুখে মানুষকে হত্যা করা হয়েছে, আর লাশ পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। এমন নৃশংসতা আমরা ১৯৭১ সালেও দেখিনি। পাকিস্তানি বাহিনীর মধ্যেও অন্তত এই ধরনের বর্বরতা ছিল না।”
আলোচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রসঙ্গে তিনি বলেন, “তাজুল ভাই চরম নিষ্ঠাবান। তাঁকে হাজার কোটি টাকা দিলেও কেনা যাবে না। তিনি গভীর রাতে পর্যন্ত কাজ করেন। যখনই নতুন কোনো প্রমাণ পান, সঙ্গে সঙ্গে আমাদের জানান।”
আসিফ নজরুল বলেন, “আমাদের ব্যর্থতা আছে, অজ্ঞতাও আছে। কিন্তু চেষ্টা ও নিষ্ঠার কোনো ঘাটতি নেই। আমি নিজেও খুব আবেগ নিয়ে কাজ করছি। এই বিচার শুধু জনগণের কাছে নয়, আমার কাছে এটি আল্লাহর কাছে জবাবদিহির বিষয়।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, এই বিচার আমরা সম্পন্ন করবো। এমন একটি ভিত্তি রেখে যাবো, যাতে অন্য কোনো সরকার ক্ষমতায় এলেও তা বাতিল করতে না পারে।”
আলোচনার শেষ দিকে আসিফ নজরুল জানান, এই বিচারপ্রক্রিয়ায় তিনি যে নিষ্ঠা দেখাচ্ছেন, তা তাঁর পিএইচডি গবেষণার চেয়েও বেশি মনোযোগ নিয়ে করা হচ্ছে।