জাতীয়
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য মনোনীত বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসার আবেদন করার পরামর্শ দিয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, শিক্ষাবর্ষ শুরুর আগেই যথাসময়ে ভিসা পেতে হলে এখনই আবেদন করা জরুরি।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “যেহেতু আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় কিছু সময় লাগে, তাই অপ্রত্যাশিত কোনো বিলম্ব এড়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সময়মতো পৌঁছাতে ভিসার জন্য যথাসময়ে আবেদন করা উচিত।”
এছাড়া জানানো হয়, সময়মতো আবেদন করলে প্রক্রিয়া সহজ হয় এবং যাত্রা পরিকল্পনা করতেও শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পান।
প্রতিবছর যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী আবেদন করে। এই প্রক্রিয়া আরও সহজ ও সময়মতো সম্পন্ন করতে মার্কিন দূতাবাস নিয়মিতভাবে তথ্য, সহায়তা এবং দিকনির্দেশনা দিয়ে থাকে।
শিক্ষার্থীদের যেকোনো ভিসা-সংক্রান্ত তথ্য, প্রক্রিয়া ও প্রস্তুতির জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং শিক্ষা-বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সেবা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।