জাতীয়

অপ্রয়োজনীয় টেস্ট ও ওষুধ না দিতে চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম

অপ্রয়োজনীয় টেস্ট ও ওষুধ না দিতে চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

চিকিৎসা সেবায় অপ্রয়োজনীয় টেস্ট ও ওষুধ কোম্পানির প্রভাব কমাতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "চিকিৎসা নিতে মানুষ যেন বিদেশমুখী না হয়, সে পরিবেশ আমাদের তৈরি করতে হবে। দেশের চিকিৎসকরা তা সক্ষম, কিন্তু অনৈতিক চর্চা সেটাকে বাধাগ্রস্ত করছে।"

তিনি বলেন, অনেক ক্ষেত্রেই রোগীদের অপ্রয়োজনীয়ভাবে একাধিক পরীক্ষা করানো হয়, যা চিকিৎসা নয়, বরং বাণিজ্যে পরিণত হয়েছে। "একজন সহকারী ছিল আমার বাসায়, সে একটি বেসরকারি হাসপাতালে গেলে তাকে ১৪টি টেস্ট দেয়া হয়। কিন্তু পরে ঢাকার বাইরে গিয়ে চিকিৎসা নেয়, সেখানে এত কিছু লাগেইনি।" — বলেন তিনি।

ড. আসিফ নজরুল অভিযোগ করেন, রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়। তিনি প্রশ্ন তোলেন, "কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তাররা আলাদা সময় রাখেন? ডাক্তাররা কেন ওষুধ কোম্পানির হয়ে কাজ করবেন?"

চিকিৎসা খাতে সেবার মান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। বলেন, "যদি একজন নার্স মাত্র ১২ হাজার টাকা বেতন পান, তাহলে তিনি কীভাবে সঠিক মনোযোগ দিয়ে রোগীকে সেবা দেবেন?"

সবশেষে, সেবার মান বাড়াতে এবং জনগণের আস্থা অর্জনে হাসপাতাল মালিকদের মুনাফার লোভ কিছুটা কমানোর আহ্বান জানান তিনি।