জাতীয়

দেশটা এক ধরনের রাজনীতির কারণে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে: সমাজকল্যাণ উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম

দেশটা এক ধরনের রাজনীতির কারণে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে: সমাজকল্যাণ উপদেষ্টা
সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত

“দেশটা এক ধরনের রাজনীতির কারণে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে”- এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, বাংলাদেশ এখন রাজনীতির দখলে। যারা ক্ষমতায় আসে, তারা হয়তো দেশের উন্নতি চায়, কিন্তু বিরোধীদের নিঃশেষ করার প্রবণতা থেকেই যায়। এটাই দেশের সবচেয়ে বড় সমস্যা।

সোমবার (২৫ আগস্ট) বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা’ শীর্ষক একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

শারমীন মুরশিদ আরও বলেন, “বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বলা যায়। আমি যখন এ কথাটা বলি তখন অনেকে কষ্ট পান, কারণ আমি সরকারেরই অংশ। তবে সত্যটা যদি স্বীকার না করি, তাহলে আমরা শুধরাব কী করে?”

তিনি জানান, সাধারণ মানুষ এখন সরকারি প্রতিনিধিদের কাছে মিনতি করে বলেন—“আপনারা যতদিন আছেন, কিছু একটা করে যান, কারণ পরে আর কিছু হবে না।”

বর্তমান প্রজন্মের সাহসের প্রশংসা করে উপদেষ্টা বলেন, “এরা মরণকেও ভয় পায় না, জীবনকেও নয়। এদের নিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। তাই আমাদের উচিত তাদের সামনে ইতিবাচক স্বপ্ন তুলে ধরা এবং সেই অনুযায়ী পথ তৈরি করা।”

তিনি আরও বলেন, “একাত্তর এবং চব্বিশ—দুটোকেই আমি দেখি স্বাধীনতার আকাঙ্ক্ষা, গণতন্ত্রের তৃষ্ণা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই হিসেবে। এই লড়াই এখনও শেষ হয়নি, আমাদের চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এছাড়া বেসরকারি সংস্থা লাইট হাউসের নির্বাহী প্রধান হারুণ অর রশীদ, প্রকল্প ব্যবস্থাপক মুশফিকুর রহমান এবং ফান্ড ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ আজিজা আসফিন পিউ বক্তব্য দেন।