জাতীয়
৫ দফা দাবি ঘোষণা করলো প্রকৌশল শিক্ষার্থীরা (ভিডিও)
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা নতুন করে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ।
তিনি বলেন, "আমাদের ওপর যেভাবে হামলা হয়েছে, তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।"
জুবায়ের আহমেদ জানান, গঠিত তদন্ত কমিটিতে প্রকৌশল শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি না থাকায় সেটি প্রত্যাখ্যান করা হলো। তিনি বলেন, “কমিটি সংস্কার করে তাতে প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডার ও শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”
এ সময় তিনি দাবি করেন, পূর্বে উত্থাপিত তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। একই সঙ্গে উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে আজকের মধ্যেই এই বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।
আন্দোলন চলাকালীন পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সকল ব্যয়ভার রাষ্ট্রকে বহনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যৌক্তিক আন্দোলনে আর কোনো পুলিশি হামলা চলবে না। হামলাকারী পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে চাকরিচ্যুত করতে হবে।”
উল্লেখ্য, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ ও পদবি ব্যবস্থাপনার সংস্কার দাবিতে আন্দোলনে নামে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক দফা বিক্ষোভের পর সরকার একটি তদন্ত কমিটি গঠন করে, তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে নতুন করে পাঁচ দফা দাবি উত্থাপন করল।