জাতীয়

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পিএম

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

সফল চীন সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে তিনি ঢাকায় ফেরেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

চীন সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামানকে চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA)-এর সদর দপ্তরে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তিনি PLA’র স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

army chief1.jpg

সাক্ষাতে দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসনে সম্ভাব্য সহায়তা এসব বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সম্ভাব্য প্রযুক্তিগত ও কারিগরি সহায়তার বিষয়েও কথা বলেন দুই দেশের প্রতিনিধিরা।

পরদিন ২৩ আগস্ট, জেনারেল ওয়াকার-উজ-জামান নোরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাঙ-এর সঙ্গে বৈঠক করেন। এতে বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জামের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডেশনসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়।

army chief.jpg

সফরের অংশ হিসেবে সেনাপ্রধান পরিদর্শন করেন পিপলস লিবারেশন আর্মির অ্যাকাডেমি অব আর্মড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাস, যেখানে তিনি সামরিক প্রশিক্ষণ সুবিধা ও গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন।

এছাড়া তিনি বেইজিং ও শিয়াং-এ অবস্থিত নোরিনকো গ্রুপের বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, চায়না অ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এবং অ্যাইশেঙ ইউএভি ফ্যাক্টরি পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠান আধুনিক অস্ত্র, গোলাবারুদ ও ইউএভি (ড্রোন) উৎপাদনে আন্তর্জাতিকভাবে পরিচিত।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২০ আগস্ট ২০২৫ তারিখে সরকারি সফরে চীন গমন করেন।