জাতীয়

শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার রায়ের বিরুদ্ধে দুদকের আবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৬:০৪ পিএম

শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার রায়ের বিরুদ্ধে দুদকের আবেদন
শরীফ উদ্দিন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশনা দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চলতি সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে। শুক্রবার (৩০ আগস্ট) শরীফ উদ্দিনের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

হাইকোর্ট ৯ জুলাই শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং রায়ের পর ৩০ দিনের মধ্যে তাকে পূর্ণ সুবিধাসহ পুনর্বহাল করার নির্দেশনা দেওয়া হয়েছিল। বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর ওই বছরের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। শরীফ উদ্দিনের পক্ষে রিটটি দায়ের করেছিলেন ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক।