জাতীয়
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১ অক্টোবর) বরিশালে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, “যখন কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন অনেক সময় প্রশ্ন ওঠে নিষেধাজ্ঞাটি স্থায়ী না অস্থায়ী। তবে বাস্তবতা হলো, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো ইঙ্গিত বা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না।”
তিনি আরও জানান, “যতদূর জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আওয়ামী লীগকে একটি সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার প্রস্তুতি চলছে। সে দিক বিবেচনায় নিয়ে বলা যায়, শুধু নির্বাচনের আগেই নয় অদূর ভবিষ্যতেও এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।”
প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “তিনি স্পষ্ট করে জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরে অন্তর্বর্তী সরকারের আর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই।”
এ সময় তিনি পাহাড়ে চলমান উত্তেজনা প্রসঙ্গে বলেন, “শান্ত পাহাড়কে যারা অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”