জাতীয়
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, বাড়িভাড়া ২০ শতাংশের দাবিতে শিক্ষকদের আন্দোলন চলবে
অর্থ মন্ত্রণালয়ের সর্বনিম্ন ২ হাজার টাকা বা ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়। তবে শিক্ষকরা একে “অসম্পূর্ণ ও প্রতারণামূলক ঘোষণা” হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানান। আন্দোলনরত শিক্ষক সংগঠন “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট” এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে পূর্বের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি আমাদের আন্দোলনের একটি প্রাথমিক বিজয় হলেও এটি যথেষ্ট নয়। আমাদের মূল দাবি—২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের সব কর্মসূচি চলবে।”
তিনি আরও জানান, শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে।
এদিকে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার রাজধানীর শিক্ষা ভবন অভিমুখে “ভুখা মিছিল” করার কথা রয়েছে আন্দোলনরত শিক্ষকদের। ইতোমধ্যে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শিক্ষকরা একত্রিত হচ্ছেন।
শিক্ষক নেতারা বলছেন, ৫ শতাংশ বৃদ্ধি শিক্ষকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত প্রজ্ঞাপন সংশোধন করে বাস্তবসম্মত ভাতা বৃদ্ধির ব্যবস্থা করতে।