জাতীয়

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের
ছবি: সংগৃহীত

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলেছেন। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

সংগঠনটির চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, ‘আমরা ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা অন্তত আমাদের সঙ্গে দেখা করবেন, দাবি শুনবেন। কিন্তু তিনি সৌজন্যও দেখালেন না। এমন অপমান শুধু আমাদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।’

কাজী মোখলেছুর বলেন, শিক্ষক প্রতিনিধিরা বুধবার সকালে সচিবালয়ে গিয়েছিলেন স্মারকলিপি দিতে। পদযাত্রার শুরুতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন শিক্ষকরা। পরে পুলিশের সহায়তায় ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।

তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গিয়েছিলাম। অথচ যেভাবে আমাদের উপেক্ষা করা হলো, তাতে আমরা ব্যথিত ও ক্ষুব্ধ। আমরা চাই, শিক্ষা উপদেষ্টা এই দায়িত্বে থাকার যোগ্য নন। তার পদত্যাগ দাবি করছি।’

শিক্ষক নেতারা বলেন, চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার পরও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত তা কার্যকর করতে হবে। পাশাপাশি এমপিওভুক্তির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক উপদেষ্টা দপ্তরে পাঠানো ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল অনুমোদনের দাবিও জানান তারা।

শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি, এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা একটি অধিদপ্তর প্রতিষ্ঠা।

শিক্ষক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে নতুন আন্দোলন শুরু হবে।