জাতীয়

ভালো নির্বাচন করা ছাড়া ইসির আর কোনো বিকল্প নেই : ইসি মাছউদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম

ভালো নির্বাচন করা ছাড়া ইসির আর কোনো বিকল্প নেই : ইসি মাছউদ
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “ভালো নির্বাচন করা ছাড়া নির্বাচন কমিশনের আর কোনো বিকল্প নেই। আমাদের জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য ভালো নির্বাচন করতেই হবে। আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার করতে হবে। ভালো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই—দেয়ালে পিঠ টেকে গেছে, এখন আর পিছনে যাওয়ার সুযোগ নেই।”

ইসি মাছউদ আরও বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে ঈদের আগে ভোট অনুষ্ঠিত হবে—এটা সবাই জানেন। আমরা নির্বাচনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছি, এখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। আপনি যদি জিজ্ঞেস করেন ভালো নির্বাচন আয়োজনের জন্য কী করছি, বলব—যা যা প্রয়োজন সবই করছি।”

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থার অভাব এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। “মানুষের মধ্যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। আমরা এটাকে বলছি ন্যাশনাল ক্রাইসিস। দেশের উন্নয়ন ও মঙ্গলের জন্য আমাদের পরস্পরের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে,” বলেন তিনি।

ভোটের পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ প্রসঙ্গে মাছউদ বলেন, “আমরা এমন এক অবস্থায় পৌঁছেছি, যেখানে সাধারণ মানুষ মনে করে—ভালো নির্বাচন হয় না, নির্বাচন কমিশন প্রভাবিত হয় বা অন্যের নির্দেশে চলে। এই মনোভাব ভাঙতে হলে ভালো নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। জাতি, দেশ ও মানুষের স্বার্থে আমাদের এখন ভালো কাজ করতেই হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন তার দায়িত্ব অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে আইন মেনে কাজ করে, তাহলে কোনো সমস্যাই হবে না। আসলে মানুষ যদি ভালো হয়, আইনেরও প্রয়োজন পড়ে না।”