জাতীয়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে: ইসি আনোয়ারুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে এবং ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, “আমরা আশা করছি, গণমাধ্যমের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”

গণভোট ইস্যুতে তিনি বলেন, “নির্বাচনের আগে না পরে গণভোট হবে—এ বিষয়টি এখনো আমাদের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেটিও আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।”

রাজনৈতিক সিদ্ধান্ত সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, “পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, আমরা সেটির অপেক্ষায় আছি।”

নির্বাচন সংক্রান্ত বিধিমালা প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন পরিকল্পনা বিধিমালায় প্রতীকের একটি তফসিল থাকে, যা সময় সময় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়। আমরা সেই বিধিমালা সম্পন্ন করেছি।”

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বিষয়ে তিনি জানান, নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এছাড়া, কারাবন্দিদেরও ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “নির্বাচন ইস্যুতে যেন কোনো অপতথ্য বা গুজব ছড়ানো না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।” তিনি নির্বাচনী প্রক্রিয়ায় গণমাধ্যমের সহযোগিতারও আহ্বান জানান।