জাতীয়

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগের ঘোষণা, আসছেন নির্বাচনে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগের ঘোষণা, আসছেন নির্বাচনে
মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

মো. আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করবো। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। তবে সময় হলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবো।”

তার এই বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম নিয়েছে।

সূত্রমতে, মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন। তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ওই এলাকায় ইতিমধ্যে সক্রিয় রয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

রাজনৈতিক সূত্র জানায়, বিএনপি ওই আসনে শক্ত প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করছে। স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতা, আইনজীবী মহলে সুনাম এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাই তাকে প্রার্থী নির্বাচনে এগিয়ে রেখেছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরে দলীয় পদ থেকে পদত্যাগ করে বর্তমান সরকারের মেয়াদে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি।

তবে নির্বাচন করার ঘোষণার মধ্য দিয়ে তিনি কার্যত তার সরকারি দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এই সিদ্ধান্ত বিএনপির নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করবে।

বর্তমানে ঝিনাইদহের শৈলকূপায় তার নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।