জাতীয়
১৯ নভেম্বর দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে আয়োজিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে আসছে ১৯ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
ভারত মহাসাগর অঞ্চলের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC)–এর সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর দিল্লিতে। এ বছর সম্মেলনের স্বাগতিক দেশ ভারত।
সম্পর্কিত সূত্র জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল–এর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন খলিলুর রহমান। গত মাসেই তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। দুই দিনের এই সফরে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আলোচনা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভকে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলংকা এর সদস্য দেশ। সম্মেলনে এসব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অংশ নেবেন।