জাতীয়

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করেছে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করেছে সরকার
ছবি: সংগৃহীত

বুনিয়াদি প্রশিক্ষণরত তিনজন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট)–কে চাকরিচ্যুত করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন— অনুপ কুমার বিশ্বাস (বগুড়া) , নবমিতা সরকার (পিরোজপুর) এবং কাজী আরিফুর রহমান (ফরিদপুর)

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ এর বিধি ৬(২)(এ) অনুসারে তাদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায় করা হবে।

জানা গেছে, বুধবারই তাদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তবে কোন কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে-প্রজ্ঞাপনে তা উল্লেখ নেই।