জাতীয়

৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম

৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দেশের ৩০০টি সংসদীয় আসনে রিটার্নিং অফিসার (আরও) এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭ এর দফা (১) ও (২) এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৫ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচনি এলাকাসমূহে দায়িত্ব পালনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলো।’

এ প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারসহ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা— মোট ৬৯ জনকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি আসনে নির্বাচন পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবেন এসব কর্মকর্তা।

এ ছাড়া প্রতিটি নির্বাচনি এলাকায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা নির্বাচনি কার্যক্রমের সমন্বয়, মনোনয়নপত্র যাচাই-বাছাই, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন।

ইসি সূত্র জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগের পর তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণসহ পরবর্তী সব নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম এখন তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে প্রশাসনে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনি দায়িত্ব বণ্টন সম্পন্ন হওয়ায় নির্বাচনি প্রস্তুতি আরও ত্বরান্বিত হলো বলে কমিশন জানিয়েছে।