জাতীয়
৭২ ঘণ্টা অত্যন্ত সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী
মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তার ভাষায়, আগামী ৭২ ঘণ্টা হাদির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সায়েদুর রহমান।
তিনি জানান, বাম কানের ওপর দিয়ে প্রবেশ করা বুলেট ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে ধরা হয়।
ডা. সায়েদুর বলেন, হাদি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই মুহূর্তে নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপের সুযোগ নেই। পরিস্থিতি পর্যবেক্ষণই এখন একমাত্র করণীয়।
তিনি আরও জানান, ব্রেন স্টেম শরীরের জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সেখানে আঘাত লাগায় ঝুঁকি বহুগুণ বেড়েছে। আপাতত চিকিৎসকেরা রোগীকে স্থিতিশীল রাখার চেষ্টা করছেন, তবে আশাবাদী হওয়ার মতো নিশ্চিত কোনো অবস্থায় এখনো পৌঁছানো যায়নি।
অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন বলেও জানান তিনি। এ ছাড়া অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় নাক ও গলা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়েছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ডা. সায়েদুর রহমান বলেন, পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল। আশার কথা বলার মতো অবস্থা নেই, তবে রোগীর শরীরে এখনো জীবনচিহ্ন রয়েছে। সামনের সময়টাই নির্ধারণ করবে পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত।