জাতীয়
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার
জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে আব্দুল হান্নানকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫।
শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করেছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শনিবার দিনভর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো মাঠপর্যায়ে কাজ করেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এই হামলার পেছনে সংগঠিত কোনো চক্র জড়িত থাকতে পারে—এ সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য জড়িত থাকতে পারে—এমন সন্দেহের ভিত্তিতে কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে শনাক্ত করা হয়েছে বলে তদন্ত সূত্র জানিয়েছে। তবে রোববার রাত পর্যন্ত গুলিবর্ষণে সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে, সন্দেহভাজনরা যাতে দেশ ছাড়তে না পারে, সে জন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে সতর্কবার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোর মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়ে থাকতে পারে—এ দিকটিও তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘণ্টা পরও মামলা দায়ের হয়নি। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।