জাতীয়
ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন
ঢাকার বিমানবন্দর, যমুনা ভবনসহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও যমুনাসহ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। একদল বিক্ষোভকারী প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ চালায়। এ সময় ওই দুটি প্রতিষ্ঠানের একাধিক সংবাদকর্মী ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
একই রাতে ধানমন্ডির ছায়ানট ভবনেও উত্তেজিত জনতা ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। হামলায় বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।