জাতীয়

সরকারি কর্মচারীকে তার প্রাপ্যতার চেয়ে উচ্চতর আবাসন সুবিধা দিতে পারবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

সরকারি কর্মচারীকে তার প্রাপ্যতার চেয়ে উচ্চতর আবাসন সুবিধা দিতে পারবে সরকার
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ সংশোধন অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে কোনো সরকারি কর্মচারীকে সরকার তার প্রাপ্যতার চেয়ে উচ্চতর আবাসন সুবিধা দিতে পারবে। এই বিধিমালা সংশোধন করে সোমবার (২২ ডিসেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফান্ডামেন্টাল রুলস-এর রুল ৪৫-এ দেওয়া ক্ষমতা বলে ১৯৮২ সালের বাংলাদেশ লোকেশন রুলস (বাংলাদেশ বরাদ্দ বিধিমালা) সংশোধন করে বিধি-৪ এ উপবিধি-২ যুক্ত করা হয়েছে।

নতুন উপবিধি-২ এ বলা হয়েছে- ‘বিশেষ পরিস্থিতিতে সরকার প্রয়োজনীয় মনে করলে, কোনো সরকারি কর্মচারীকে তার প্রাপ্যতার চেয়ে উচ্চতর মানের আবাসন সুবিধা দিতে পারে।’

আগে বিধি-৪ এ কোন বেতন গ্রেডের কর্মচারী কোন ধরনের আবাসন সুবিধা পাবেন তা উল্লেখ ছিল। সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগের বিধি-৪ উপবিধি-১ হিসেবে গণ্য হবে।