জাতীয়
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে যেন কোনো ধরনের প্রভাব, বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসির নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর আয়োজন করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।