জাতীয়

পাবনা-১ ও ২ আসন: নতুন তফসিলে মনোনয়নপত্র জমার শেষ দিন রবিবার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

পাবনা-১ ও ২ আসন: নতুন তফসিলে মনোনয়নপত্র জমার শেষ দিন রবিবার
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে পূর্বে জারি করা ১১ ডিসেম্বরের প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি (রবিবার) রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ জানুয়ারি (সোমবার) মনোনয়নপত্র বাছাই করা হবে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসি সচিবালয় জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে।

উল্লেখ্য, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ১৯০/২০২৬) সংক্রান্ত আদেশের আলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচন কমিশন এই নতুন নির্বাচনী কর্মসূচি ঘোষণা করে।