জাতীয়

বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখতে ‘নো-হর্ন’ কর্মসূচি বাস্তবায়ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখতে ‘নো-হর্ন’ কর্মসূচি বাস্তবায়ন
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত বা ‘নীরব এলাকা’ হিসেবে কার্যকর করতে কঠোর অবস্থানে প্রশাসন।

রোববার (২৫ জানুয়ারি) এলাকাটিতে শব্দদূষণ বিরোধী এক বিশেষ মোবাইল কোর্ট অভিযানে হর্ন বাজানোর দায়ে ৭ জন চালককে নগদ জরিমানা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে জানানো হয়, অভিযানে আইন অমান্যকারী সাত চালককে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মূলত জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়।

অভিযানে সশরীরে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখা সরকারের অগ্রাধিকার। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, তবেই টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এখানকার সাফল্য দেশের অন্যান্য এলাকার জন্য উদাহরণ হয়ে থাকবে।”

উপদেষ্টা আরও জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের বিআরটিএ-র মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া তদারকি বাড়াতে প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ আশা প্রকাশ করে বলেন, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত করার মাধ্যমে পুরো নগরজুড়ে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।

সমন্বিত এই অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, ডিএনসিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রশাসন জানিয়েছে, এই নীরব এলাকা কার্যকর রাখতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।