জাতীয়

যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করছে না, তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার নানা কৌশল গ্রহণ করতে পারে। তার মতে, নির্বাচনের বাইরে থাকা রাজনৈতিক পক্ষগুলোর দিক থেকেই অস্থিরতা বা সহিংসতার ঝুঁকি বেশি।

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সংক্রান্ত সরকারের অবস্থান তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার চায় এবারের নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হোক। সে লক্ষ্যেই সর্বাধিক বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে না; কেউ আগ্রহ প্রকাশ করলে তাদের প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে দেশে বড় ধরনের কোনো অস্থিরতা নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং উল্লেখযোগ্য সহিংসতার তথ্য সরকারের কাছে নেই।

ভারতের নিরাপত্তা উদ্বেগ সংক্রান্ত প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারত থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ঢাকা ত্যাগ করার বিষয়টি তাদের নিজস্ব সিদ্ধান্ত, এতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না, তারাই মূলত সহিংসতার আশঙ্কা তৈরি করছে। সরকারের মূল্যায়নে, নির্বাচন ঘিরে যদি কোনো ধরনের সহিংস ঘটনা ঘটে, তবে তার দায়ভার ভোটের মাঠে না থাকা দলগুলোর দিকেই যাবে। এ কারণে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, কিছু রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্যাহত করবে না। কারণ রোহিঙ্গা সমস্যা একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক ইস্যু এবং এর সঙ্গে মিয়ানমারের আরাকান অঞ্চলের সরাসরি সম্পর্ক রয়েছে।

এ ছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাম্প্রতিক বৈঠক না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত ব্যস্ততার কারণে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, বাংলাদেশ সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকে।