জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলভিত্তিক ভোটের হার প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলভিত্তিক ভোটের হার প্রকাশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে- সে বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির প্রস্তুত করা দলভিত্তিক ভোটের হারসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট, যা তাদের তৃতীয় অবস্থানে নিয়ে এসেছে।

ইসির হিসাব অনুযায়ী অন্যান্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ। জাতীয় পার্টি পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ ভোট। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পেয়েছে ০ দশমিক ৩৫ শতাংশ এবং গণঅধিকার পরিষদ পেয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ ভোট।

এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পেয়েছে ০ দশমিক ২৮ শতাংশ, গণসংহতি আন্দোলন ০ দশমিক ১৪ শতাংশ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ০ দশমিক ১৭ শতাংশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ০ দশমিক ৪৭ শতাংশ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পেয়েছে ০ দশমিক ৪৫ শতাংশ ভোট। বহু দল শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল, আবার কয়েকটি দল কোনো ভোটই পায়নি।

ইসির প্রতিবেদনে আরও বলা হয়, এবারের নির্বাচনে মোট ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের মামলা নিষ্পত্তির পর ঘোষণা করা হবে।

ভোটের উপস্থিতি প্রসঙ্গে ইসি জানায়, ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটসহ ২৯৯ আসনে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

আসন বণ্টনের হিসাবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পেয়েছে ১টি করে আসন। অন্যদিকে জাতীয় পার্টিসহ মোট ৪১টি রাজনৈতিক দল কোনো আসনই পায়নি।

ইসির ঘোষিত এই ফলাফল দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।